ঢাবি ও জাবিতে কুলাউড়ার তাজুলের বাজিমাত: দেশসেরা মেধাতালিকায় শীর্ষস্থানে
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের করইগ্রামের কৃতি সন্তান মোঃ তাজুল ইসলাম (তাহসিন) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেধা তালিকায় শীর্ষস্থান দখল করে কুলাউড়া তথা পুরো জেলার মুখ উজ্জ্বল করেছেন তাজুল।
মোঃ তাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করেছেন। এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করার গৌরব অর্জন করেন।
মোঃ তাজুল ইসলাম দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা রবিরবাজার থেকে দাখিল (মাধ্যমিক)পাশ করেন ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী ক্যাম্পাস) থেকে আলিম(উচ্চমাধ্যমিক )সম্পন্ন করেন।
শিক্ষার্থী মোঃ তাজুল ইসলাম বলেন,”আল্লাহর অশেষ রহমতে আমি এই সফলতা অর্জন করতে পেরেছি। আমার এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের দোয়া এবং অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমি আমার জন্মভূমি কুলাউড়ার মানুষের ভালোবাসা ও দোয়া চাই, যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি।”
এলাকাবাসীর মতে, তাজুলের এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের শিক্ষকবৃন্দ ও ছাত্র সংসদ (টাকসু) নেতৃবৃন্দও তাজুলকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
