দেশে হাম পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত আড়াই দশকের সব রেকর্ড ভেঙে গত দুই মাসে হাম ও হামের এর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। এর আগে ২০০০ সালের পর কোনো বছরই হামের সংক্রমণ ৫০ হাজারের ঘর স্পর্শ করেনি। সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দুই মাসে মারা গেছে ৪৫১ শিশু। এর মধ্যে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি আটজনের মধ্যে ছিল হামের উপসর্গ। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।